নেত্রকোনার পূর্বধলায় আন্তঃনগর ট্রেন হাওড় এক্সপ্রসের নিচে কাটা পড়ে চমু শেখ (৭৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। নিহত চমু শেখ একই এলাকার বাসিন্দা এবং তিনি কানে কম শুনতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিরনপুর ও শ্যামগঞ্জ রেল স্টেশনের মাঝামাঝি গোহালাকান্দা ইউনিয়নের খাগড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শীতের সকালে চমু শেখ বাড়ির কাছে রেললাইনে রোদ পোহাচ্ছিলেন। মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওড় এক্সপ্রেস ট্রেন নেত্রকোনা থেকে ছেড়ে শ্যামগঞ্জ রেল স্টেশনের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে হিরনপুর (আন্তঃনগর ট্রেনের বিরতিহীন স্টেশন) অতিক্রম করে খাগড়িয়া এলাকায় পৌঁছলে চমু শেখ কাটা পড়েন।