রাজশাহীতে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এছাড়া লক্ষ্মীপুর ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আরো দুজনের প্রাণহানি হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

রাজশাহী: জেলার গোদাগাড়ী যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার অভয়া-কামারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর কাজীপাড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে আশরাফুল ইসলাম (৪২) এবং একই গ্রামের মো. কালুর ছেলে নাজমুল হক (৩০)।

গোদাগাড়ী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুর রহমান নয়ন জানান, আশরাফুল ও নাজমুল একই মোটরসাইকেলে রাজশাহীর থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তারা দুজন মারা যান। ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, মরদেহ দুটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে।

লক্ষ্মীপুর: সড়ক পার হওয়ার সময় বাসচাপায় আহনাফ হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার কাচারি পুলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহনাফ সদর উপজেলার মান্দারী ইউনিয়নের যাদৈয়া গ্রামের প্রবাসী সফিকুল আলমের ছেলে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আহনাফ রাস্তা পার হচ্ছিল। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা জোনাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা বাসটি ভাংচুর করে। এক পর্যায়ে চালক পালিয়ে যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন জানান, নিহতের পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে নিয়েছে।

টাঙ্গাইল: কালিহাতীতে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোচালকসহ দুজন। গতকাল দুপুর ১২টার দিকে কালিহাতীর ইছাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন (৪০) সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নের হাঁড়িঙ্গাচালা গ্রামের মৃত মজুর আলীর ছেলে।

এলেঙ্গা হাইওয়ে থানার ওসি নান্নু খান জানান, এলেঙ্গা থেকে কালিহাতী যাচ্ছিল অটোরিকশাটি। টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ইছাপুরে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহত হন চালক ও অন্য যাত্রী। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।