জেলার সদর উপজেলায় সাতটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তার। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সাঈদ আনোয়ার। 

অভিযানে আইন লঙ্ঘনের দায়ে রাজবাড়ী সদর উপজেলার নিমতলার রণজিৎ কুমার দাসের এবিসি ব্রিকসকে ২ লাখ টাকা, মজলিসপুরের এনামুল হক শামীমের মেসার্স এ অ্যান্ড বিকে ২ লাখ, মজলিসপুরের মো. ইউসুফ হোসেনের মেসার্স আর অ্যান্ড ডি ব্রিকসকে ২ লাখ, মজলিসপুরের মো. কামাল মিয়ার মেসার্স এফএবি ব্রিকসকে ২ লাখ, মহারাজপুরের মো. মকিম খানের মেসার্স আর এ এস ব্রিকসকে ২ লাখ, নিমতলার মো. শওকত খানের মেসার্স এ কে এম ব্রিকসকে ১ লাখ এবং উদয়পুরের মো. মকিম খানের মেসার্স সনি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।