দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)
করপোরেট করের হার হ্রাস ও উৎসে কর কর্তনসহ (টিডিএস) আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত
বাজেটে কর সংস্কার ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে।
শনিবার (৮ জুন) আইসিএবি আয়োজিত ‘প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর চার্টার্ড
অ্যাকাউন্টেন্টদের ভাবনা’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান
উদ্দীন লিখিত বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি সরকার ঘোষিত বাজেটকে সময়োপযোগী ও
বাস্তবায়নযোগ্য উল্লেখ করে সরকারের প্রশংসা করেন।
প্রস্তাবিত বাজেটে বেশ কিছু বাস্তবভিত্তিক উদ্যোগ নেয়ার জন্য আইসিএবির
পক্ষ থেকে তিনি সরকারের প্রশংসা করেন। দুই বছরের জন্য প্রযোজ্য করের হার প্রবর্তন;
প্রাইভেট কোম্পানি এবং ওয়ান পার্সন কোম্পানির (ওপিসি) জন্য করের হার হ্রাস করা; নিত্য
প্রয়োজনীয় পণ্যের ওপর উৎস কর হ্রাস; স্বাভাবিক ব্যক্তি, প্রাথমিক ও প্রাক প্রাথমিক
শিক্ষা দানে নিয়োজিত শিক্ষা প্রতিষ্ঠান এবং ৫ কোটি টাকার নিম্নে গ্রস প্রাপ্তি রয়েছে
এরুপ কোনো ফার্ম, ট্রাস্ট, ব্যক্তিসঙ্ঘ, ফাউন্ডেশন, সমিতি এবং সমবায় সমিতি ব্যতীত অন্যান্য
সব করদাতার জন্য নিরীক্ষিত আর্থিক বিবরণীর বাধ্যবাধকতার বিধান রাখায় সুপারিশগুলোকে
স্বাগত জানান।
এছাড়া রাষ্ট্রপতির আদেশ বা সংসদীয় আইন দিয়ে প্রতিষ্ঠিত এবং একই আইনের
বিধি-বিধান অনুসারে গঠিত পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,
যারা শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে নিয়োজিত, ওই সব পেশাদার এবং বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানদেরকেও
সরকারি বিশ্ববিদ্যালয়ের মতো সপ্তম তফসিলের অধীনে একই কর কাঠামোর আওতায় আনা। মানুষের
হস্তক্ষেপ ছাড়া পূর্ব নির্ধারিত শতাংশের হার, মানদণ্ড এবং দৈবচয়নের ভিত্তিতে ট্যাক্স,
ভ্যাট নিরীক্ষার নথি নির্বাচন করা এবং নিরীক্ষা পদ্ধতি সহজীকরণের প্রস্তাবনার কথা বলা
হয়।
সংবাদ সম্মেলনে আইসিএবির সাবেক প্রেসিডেন্ট ও ট্যাক্সেশন অ্যান্ড
করপোরেট লজ কমিটির কাউন্সিল মেম্বার অ্যান্ড চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, ভাইস প্রেসিডেন্ট
এমবিএম লুৎফুল হাদী, প্রধান নির্বাহী কর্মকর্তা শুভাশীষ বসু, সাবেক প্রেসিডেন্ট মো.
মনিরুজ্জামান ও স্নেহাশীষ বড়ুয়া উপস্থিত ছিলেন।










