উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে গতকাল অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সারা দেশে কয়েকটি ছোট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনে সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য বলছে, বেলা ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজারের কিছু বেশি কেন্দ্রে গড়ে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে। তবে ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, ভোট পড়ার হার প্রায় ৬০ শতাংশ। এ বিষয়ে আজ আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। দেশের ২৯৯টি সংসদীয় আসনে গতকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এরপর শুরু হয় গণনা। গতকাল রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২২০টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে দেখা যায় সংখ্যাগরিষ্ঠের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি ও তার মিত্র দলগুলো বিজয়ী হয়েছে ১৭০টি আসনে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৪৫টি আসন, যার মধ্যে জামায়াত ৪১টি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী তিন আসনে জয়ী হয়েছেন। অন্য প্রার্থীরা জয়ী হয়েছেন পাঁচটি আসনে। বেসরকারি ফলাফলের এ চিত্র থেকে দেখা যায়, বিএনপি সংখাগরিষ্ঠের পথে রয়েছে। তবে গণভোটের ফলাফল গতকাল এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রকাশ শুরু হয়নি।

প্রায় ২০০ আসনে নির্বাচনে অংশ নিয়ে একটিতেও জিততে পারেননি জাতীয় পার্টির প্রার্থীরা। দলটির চেয়ারম্যান জিএম কাদের পরাজিত হয়েছেন দলটির দুর্গ হিসেবে পরিচিত রংপুর-৩ আসনে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) পেয়েছে একটি আসন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুসারে, গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দলটি থেকে নির্বাচিত হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও-১ আসনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কক্সবাজার-১ আসনে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, চট্টগ্রাম-১১ আসনে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, লক্ষ্মীপুর-৩ আসনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নেত্রকোনা-৪ আসনে লুৎফুজ্জামান বাবর, চাঁদপুর-১ আসনে এহসানুল হক মিলন, কুমিল্লা-৩ আসনে শাহ মোফাজ্জল হোসেন, ঝিনাইদহ-১ আসনে আসাদুজ্জামান, হবিগঞ্জ-১ আসনে রেজা কিবরিয়া, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ। বিএনপি জোটের প্রার্থীদের মধ্যে ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নূর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জয়ী হয়েছেন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি।

বেসরকারি হিসাবে জামায়াতে ইসলামীর বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা-১৫ আসনে দলের আমীর ডা. শফিকুর রহমান, কুমিল্লা-১১ আসনে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, পিরোজপুর-১ আসনে মাসুদ সাঈদী, চট্টগ্রাম-১৫ আসনে শাহাজাহান চৌধুরী, পটুয়াখালী-২ আসনে শফিকুল ইসলাম মাসুদ। জামায়াত জোটে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ ও কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদ।

খুলনা-৫ আসনে পরাজিত হয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এনসিপির প্রার্থীদের মধ্যে পঞ্চগড়-১ আসনে সারজিস আলম পরাজিত হয়েছেন।

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা, কুমিল্লা-৭ আসনে আতিকুল আলম জয়ী হয়েছেন। অন্যদিকে ঢাকা-৯ আসনে পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা-১১ আসন থেকে। এ আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির এমএ কাইয়ুম। ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আসন দুটির চূড়ান্ত ফল পাওয়া যায়নি।

গতকাল ভোট কেন্দ্রগুলোতে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট দিয়ে কেন্দ্রে কেন্দ্রে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে তরুণদের। এবার সংসদ নির্বাচনের সঙ্গে পৃথক ব্যালটে গণভোট অনুষ্ঠিত হওয়ায় ফলাফল প্রকাশে বিলম্ব হতে পারে বলে আগেই জানিয়েছিল ইসি। এদিকে ফল না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের ভোট কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছে বিএনপি ও জামায়াত—দুই দলই। অন্যদিকে সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সমগ্র জাতিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেন, আমরা বলছি না যে আমরা ‘পারফেক্ট’ নির্বাচন করেছি। তবে যেটুকু হয়েছে, তাতে আমার মনে হয় অতীতের নির্বাচনের ইতিহাসের তুলনায় যেকোনো মানদণ্ডে অত্যন্ত ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে।

তিনি বলেন, ‘জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, সেই ওয়াদা আমরা পরিপূর্ণ করতে পেরেছি বলে মনে করি।’

ভোটের ফল প্রদানে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘যেহেতু সংসদ নির্বাচনের সঙ্গে একটা গণভোটও হয়েছে, সেহেতু ভোট গুনতে একটু সময় লাগছে। এর সঙ্গে পোস্টাল ব্যালটের বিষয়টাও আছে।

সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে ‘‌বিএনপি নিরঙ্কুশ বিজয়ের পথে’ রয়েছে বলে দাবি করেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। এ সময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনসংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘এ পর্যন্ত যে ফলাফল এসেছে বেশির ভাগ জায়গায় এগিয়ে (দাঁড়িপাল্লা) আছে। আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে।’

বিভিন্ন মহল থেকে সহিংসতার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করা হলেও গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জের একটি করে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, দুয়েক জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

দিনভর দেশের নানা প্রান্তে অসুস্থতাজনিত কারণে অন্তত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বিএনপির এক নেতা, একজন প্রিজাইডিং কর্মকর্তা ও একজন পোলিং কর্মকর্তাও রয়েছেন। কেউ ভোট কেন্দ্রে যাওয়ার সময়, কেউ ভোট দিয়ে ফেরার পথে, আবার কেউ দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

কয়েকটি আসনের কিছু কেন্দ্রে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন প্রার্থীরা। ভোটের দিনের দুপুরে দেশের বিভিন্ন স্থানে অনিয়মের অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ। অনিয়মের অভিযোগ ওঠায় কুমিল্লা-১১ আসনের গুণবতী উচ্চ বিদ্যালয়, আলকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ফল গণনা বন্ধ রেখেছে নির্বাচন কমিশন। গতকাল সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল আমিন।

ময়মনসিংহ-১১ আসনের একটি কেন্দ্রে ভোট চলাকালে কয়েকজন ব্যক্তি ভেতরে ঢুকে একটি কক্ষে ব্যালট পেপারে সিল মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়। সাময়িকভাবে ভোট গ্রহণ বন্ধ রাখা হলেও পরে আবার কার্যক্রম শুরু করা হয়। অন্যদিকে পঞ্চগড়-১ আসনে আটোয়ারী উপজেলায় অবৈধ ব্যালট পেপারসহ এক এনসিপি নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে দেশের ১২টি জেলায় অন্তত ৩৪ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল সকালে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান। ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে উল্লেখ করেন। দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নে তারেক রহমান বলেন, নির্বাচন যদি নিরপেক্ষ হয়, বিতর্কহীন হয়, তাহলে তার দল ফলাফল মেনে নেবে।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সকালে রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু, সন্ত্রাস ও দখলমুক্ত, সবার কাছে গ্রহণযোগ্য হোক, এটাই তাদের প্রত্যাশা। তিনি আরো জানান, ভোট যদি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়, তারা সেই ফলাফল মেনে নেবেন। অন্যদেরও তা মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

ইসির তথ্য অনুসারে, এবারের নির্বাচনে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় নয় লাখ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এক লাখের বেশি সেনাসদস্য মোতায়েন রয়েছেন।