পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আব্দুল্লা খাসিফ আলমুদি সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সম্প্রতি আরব আমিরাতে আমার দ্বিপাক্ষিক সফরে সে দেশের পররাষ্ট্র ও কর্মসংস্থান মন্ত্রীদ্বয়ের সঙ্গে সামগ্রিক সব বিষয়ে আলোচনার ‘ফলো আপ’ সাক্ষাৎ এটি। ইউএইর সঙ্গে আমাদের বহুমাত্রিক সম্পর্ক। সেখানে এক মালিক হতে অন্য মালিকের অধীনে ‘আকামা’ বা কর্মানুমতি হস্তান্তর সহজ করার বিষয়ে এবং দুবাই ছাড়া অন্য আমিরাতগুলোয় বাংলাদেশীদের ‘ওয়ার্ক পারমিট’ দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

পাশাপাশি দেশে ইউএইর বিনিয়োগ বাড়াতে ইকোনমিক জোনগুলোয় আরব আমিরাতকে বিনিয়োগের আহ্বান এবং মাতারবাড়িতে ৩০০ একর জমি দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ড. হাছান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় নির্বিচারে শিশু ও নারী হত্যা চলছেই। গাজা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়েছে। এই ঘৃণ্য সহিংসতা বন্ধে যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে একযোগে কাজ করা নিয়ে কথা হয়েছে।