কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের (বাঘা যতীন) ভাস্কর্য ভাংচুরের ঘটনায় গ্রেফতার তিন আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুর ১২টায় কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন রিমান্ড শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার সন্ধ্যায় এ বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার দেখিয়ে প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করা হয়।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন কয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি আনিসুর রহমান আনিছ (৩৫), সবুজ হোসেন (২০) ও হোসেন (২০)।

কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের (বাঘা যতীন) আবক্ষ ভাস্কর্য ভাংচুরের ঘটনায় কুমারখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত তিন আসামির সাতদিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত গতকাল রিমান্ড শুনানি শেষে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গতকাল বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া কুমারখালীর কয়া মহাবিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমারখালী নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

এ সময় কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, কুমারখালী পৌরসভার মেয়র শামছুজ্জামান অরুণ, মুক্তিযোদ্ধা কমান্ড কুষ্টিয়া জেলার কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু আহসান বরুণ, ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি কুমারখালী শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু প্রমুখ উপস্থিত ছিলেন।