পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৮ জুন) রাত ১০টার দিকে সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের নলদহ নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী।

নিহত জহিরুল ইসলাম বাবু ওরফে বাবু (৪৫) সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মনোহরপুর এলাকার আজাহার শেখের ছেলে এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, নলদাহ নতুন পাড়ার জামাল শেখের দোকানে চা খাচ্ছিলেন বাবু। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে এলোপাথাড়ি গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, গুলি করে আওয়ামী লীগ নেতাকে হত্যা করা হয়েছে। মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে রয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হত্যার প্রকৃত কারণ এখনই বলা যাচ্ছে না। পুলিশের একাধিক টিম কাজ করছে। শিগগিরই প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে।