পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের গত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ফলে এ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দেয়া রিপোর্টে কিছু যায়-আসে না। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গতকাল এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘এনডিআই ও আইআরআইয়ের রিপোর্টে তারা স্বীকার করে নিয়েছে এ নির্বাচনে দেশে অন্যান্য সময়ের তুলনায় অপেক্ষাকৃত অনেক কম সহিংসতা হয়েছে। আর মানের কথা বলছেন? দেখুন বাংলাদেশে এর আগে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বা আমাদের উপমহাদেশে যেসব নির্বাচন অনুষ্ঠিত হয় সে তুলনায় এ নির্বাচনের মান অনেক উন্নত। একটি সুন্দর ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
তিনি বলেন, ‘তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছে। আমরা সেটা দেখছি। কিন্তু দেশে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএনপিসহ তার মিত্ররা অংশগ্রহণ করেনি। তারা তো নির্বাচন বয়কট নয় নির্বাচন প্রতিহত করার ডাক দিয়েছিল। যারা বিভিন্ন সময় দেশ-বিদেশে বক্তব্য রাখেন তাদেরও এ বিষয়টা অ্যাড্রেস করতে হবে। যে দেশে নির্বাচন প্রতিহত করার জন্য ট্রেনে আগুন দেয়া হয়, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয় সেই প্রেক্ষাপটে এটি একটি চমৎকার নির্বাচন হয়েছে।’
এর আগে যুক্তরাষ্ট্রের দুই নির্বাচন পর্যবেক্ষক সংস্থার এক মূল্যায়নে বলা হয়, অতীতের তুলনায় এবার বাংলাদেশে নির্বাচনী সহিংসতা কম ছিল। তার পরও সহিংসতা, রাজনৈতিক মেরুকরণ ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব হওয়ায় ৭ জানুয়ারির নির্বাচনের মান ক্ষুণ্ন হয়েছে। পর্যবেক্ষক সংস্থা দুটি হলো এনডিআই ও আইআরআই। আইআরআইয়ের ওয়েবসাইটে গত শনিবার প্রকাশিত দুই সংস্থার যৌথ কারিগরি পর্যালোচনা প্রতিবেদনে এ মূল্যায়ন উঠে আসে।
নির্বাচনের আগে, নির্বাচন চলাকালে ও পরবর্তী সময়ের সহিংসতা পর্যবেক্ষণে বাংলাদেশে কারিগরি মূল্যায়ন প্রতিনিধি দল পাঠিয়েছিল এনডিআই ও আইআরআই। তার আগে গত বছরের ৮ থেকে ১১ অক্টোবর একটি যৌথ প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশন পাঠিয়েছিল তারা।










