ঢাকা-চট্টগ্রাম রেল পথের ফেনীতে ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ আল বাসেত (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকামুখি সোনার বাংলা ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফেনীস্থ জিআরপি পুলিশের ইনচার্জ হারুনুজ্জামান রুমেল জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখি সোনার বাংলা ট্রেনটি ফেনী শহরের আবুবক্কর সড়কের মাথায় আসলে অসতর্কতাবশত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে বাসেতের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে তার মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে যায়। নিহত বাসেত ফেনী সরকারী কলেজের শিক্ষার্থী। তিনি ফেনী শহরের বিরিঞ্চি এলাকার গাজী আবদুল খালেকের ছেলে।
এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রীয়াধীন রয়েছে বলেও জানান তিনি।










