পঞ্চগড়ে হাওয়া মেশিনের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আল মামুন (২৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারের একটি ওয়ার্কশপে ট্রাকের চাকায় হাওয়া ভর্তি করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত মামুন জেলার সদর উপজেলা সাতমেড়া ইউনিয়নের জামুড়িদুয়ার এলাকার তৌহিদ হোসেনের ছেলে। আহতরা হলেন হাওয়া ওয়ার্কশপের মালিক ভজনপুরের ডাঙ্গাপাড়া গ্রামের সিরাজউদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৩০) এবং ওই দোকানের কর্মচারী পঞ্চগড় পৌরসভার নিমনগড় গ্রামের মোকলেছ হোসেনের ছেলে নাজমুল হোসেন (১৬)।
স্থানীয়রা জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আল মামুন ট্রাক নিয়ে বাংলাবান্ধার উদ্দেশে রওনা হন। যাওয়ার পথে গাড়ির চাকায় হাওয়া কম থাকায় ভজনপুর বাজারের রবিউল ইসলামের মোটর ওয়ার্কশপে গাড়ি থামান। চাকায় হাওয়া দেয়ার সময় হঠাৎ বিকট শব্দে মেশিনের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় মেশিনের পাশে দ্াড়িয়ে থাকা ট্রাকচালক মামুন ঘটনাস্থলেই নিহত হন।
গুরুতর আহত হন ওয়ার্কশপ মালিক রবিউল ইসলাম, মেকানিক নাজমুল ইসলাম। স্থানীয়রা তিনজনকেই
উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া হাওয়া মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।









