বগুড়ায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে হাবিবুর রহমান নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকালে হাবিবুরকে আটক করে ডিবি অফিসে নেয়া হয়। রাত ৯টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে তিনি মারা যান। তবে তার সহকর্মীদের অভিযোগ, ডিবি পুলিশ সদস্যরা হাবিবুরকে তুলে নিয়ে নির্যাতন করায় তিনি মারা গেছেন।
যদিও মৃত্যুর ঘটনা তদন্তে গতকাল দুপুরে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার। কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তবে বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক মোস্তাফিজ হাসান জানান, হাবিবকে নির্যাতন করা হয়নি। ১০ বছর আগে বগুড়ার শাজাহানপুরে জোড়াগ্রামে বিপুল নামে এক শিশুকে অপহরণের পর হত্যা মামলার সাক্ষী ছিলেন খুকি বেগম। গত ২ আগস্ট খুকি বেগমকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের দুদিন পর তার পা বিহীন মরদেহ পাওয়া যায়। এক মাস পর মনোয়ারা বেগম নামে এক প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে খুকি বেগমের খণ্ডিত পা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য মনোয়ারা বেগমকে আটক করা হলে তিনি খুকিকে হত্যায় হাবিবের জড়িত থাকার তথ্য দেন। হাবিবকে মঙ্গলবার বিকালে ডিবি অফিসে নিয়ে মনোয়ারা বেগমের মুখোমুখি করা হয়। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করলে মোহাম্মদ আলী হাসপাতালে নেয়া হয়। সেখানেই রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।









