দায়িত্বে অবহেলা ও লঞ্চ মালিক পক্ষের অধিক মুনাফার লোভে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে নোঙর বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন। আজ বুধবার দুপুর ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনটির নেতারা।

তারা বলেন, মানুষের জীবন রক্ষায় লঞ্চটিতে তেমন কোনো ব্যবস্থা ছিল না। এর দায়ভার নৌ-কর্তৃপক্ষ কোনোভাবে এড়াতে পারে না। এ সময় তারা লঞ্চে ভয়াবহ আগুনের ঘটনার সঠিক কারণ অনুসন্ধান এবং তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন।

সংগঠনের নেতারা জানান, গতকাল মঙ্গলবার তাদের গঠিত তদন্ত কমিটি ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চ পরিদর্শন করেন। তারা মনে করছেন, এ লঞ্চের মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের চরম অব্যবস্থাপনার জন্য প্রাণহানির ঘটনা ঘটেছে। আগামী ৭ দিনের মধ্যে এ ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও তারা জানান।

সংবাদ সম্মেলনে নৌ দুর্ঘটনায় নিহতের স্মরণে ২৩ মে নৌ-নিরাপত্তা জাতীয় দিবস করার প্রস্তাবসহ ১৬ দফা দাবি জানান নোঙর বাংলাদেশের নেতারা। সম্মেলনে লিখিত প্রতিবেদন পাঠ করেন নোঙর বাংলাদেশের আহ্বায়ক সুমন শামস, সদস্য সচিব মিহির বিশ্বাস, সদস্য সোহাগ মহাজন। এসময় প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্তসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গত বছর ২৩ ডিসেম্বর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমভি অভিযান-১০ নামে লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। এতে ৪৭ জনের মৃত্যু হয়।