কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে পুলিশ। তথ্যানুসন্ধানে তিন সদস্যের আরেক কমিটি গঠন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে, তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. সায়ফুজ্জামান ফারুকী। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মো. মনিরুজ্জামান।

এর আগে মঙ্গলবার দুপুরে বেরোবি ক্যাম্পাসের সামনে পার্ক মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট, টিয়ার শেল ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় সামনে থাকা আবু সাঈদ নিহত হন। এর জেরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনে ভাংচুর, অগ্নিসংযোগসহ আবাসিক হলে হামলার ঘটনা ঘটে। এরপর অনির্দিষ্টকালের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পুরো নগরীতে পুলিশি টহল বাড়ানো হয়েছে। সঙ্গে মোতায়েন করা হয়েছে বিজিবি।

২২ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি কোটা সংস্কার আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন।