মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধারের পর ভাসানো হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু করেন বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের কর্মীরা। বিকেল ৪টা নাগাদ ফেরিটি পানিতে ভাসানো হয়।

জানা গেছে, ফেরির তলায় অন্তত ৫০টিরও বেশি ছিদ্র পাওয়া গেছে। উদ্ধার হওয়া ফেরির বিভিন্ন স্থানে পাম্প বসিয়ে ইঞ্জিন রুমের পানি অপসারণ করতে দেখা গেছে জেনুইন এন্টারপ্রাইজ কর্মীদের। ওয়েল্ডিংয়ের কাজ করা হয়েছে ফেরিটির তলদেশের বিভিন্ন স্থানে।

উদ্ধার কাজের তদারকির দায়িত্বে থাকা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক (উদ্ধার) ফজলুল রহমান বণিক বার্তাকে বলেন, আজ সন্ধ্যা নাগাদ আমানত শাহ ফেরিটিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেয়া হবে।