প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির নবনির্বাচিত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আজ শুক্রবার বাদ আসর মোহাম্মদপুরের আল মারকাজুল ইসলাম অন্ধ মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করেছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্রদল নেতারা।

কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে আয়োজিত উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ডা. লোহানী তাজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন বলেন, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর আন্দোলন-সংগ্রামে দলের প্রতি কমিটমেন্ট তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নিজ যোগ্যতাবলেই তিনি এখন ভারপ্রাপ্ত মহাসচিব।

যুবদল সহ সভাপতি ড. লোহানী বলেন, প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত মহাসচিবের কর্মতৎপরতা চোখে পরার মতো। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

সভাপতির বক্তব্যে ড. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ২০১৫ সালের ১লা নভেম্বর লন্ডনে খালেদা জিয়ার তার এক বক্তব্যে বর্তমান ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী আহমেদের ত্যাগ ও গুণের কথা বর্ণনা করেন। বর্তমান প্রধানমন্ত্রী তাকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করে নেতাকর্মীদের দাবি পূরণ করেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. সৈকত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. সিফাত, সদস্য সচিব ডা. শিহাব, পশ্চিম ছাত্রদল সহ সভাপতি ডা. সাব্বির, মানিক, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, ছাত্রদলের (পূর্ব) যুগ্ম সম্পাদক মিরাজ হোসেনসহ আরো অনেকে।