সিরাজগঞ্জের সলঙ্গা থানায় রাস্তা পারাপারের সময় বাসচাপায় রহিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের বাদেকুশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা খাতুন সলঙ্গা থানার বাদেকুশা গ্রামের মৃত মছির উদ্দিনের স্ত্রী। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুত্ফর রহমান জানান, বৃদ্ধা রহিমা খাতুন বাদেকুশা এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী গ্রামীন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। বাসটি জব্দ করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।