রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ভোট গ্রহণ আবারো স্থগিত করা হয়েছে। পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা অবরোধের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আজ এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এর আগে সুষ্ঠু নির্বাচনের দাবিতে গতকাল উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক ও নৌ-পথ অবরোধ ডাকে প্রসিত খিসার নেতৃত্বাধীন ইউপিডিএফ। তবে ভোট গ্রহণ স্থগিত করায় আধাবেলা অবরোধ পালন করেই প্রত্যাহার করে নিয়েছে ইউপিডিএফ।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, ‘আঞ্চলিক দলের অবরোধের কারণে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে।’

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, ‘বৈরী আবহাওয়া ও আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের অবরোধের কারণে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় বাঘাইছড়ি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।’ 

যদিও ৯ জুন ভোট গ্রহণকে কেন্দ্র করে ৭ জুন উপজেলার তিনটি দুর্গম হলিসর্টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তা ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। এর আগে ২৯ মে তৃতীয় ধাপে বাঘাইছড়ি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত করা হয়। পরবর্তী  সময়ে ৯ জুন ভোট গ্রহণের তারিখ ঘোষণা ও প্রস্তুতি নিয়েও দ্বিতীয় দফায় তা স্থগিত করা হয়েছে।