পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আস্থা প্রকাশ করেছেন যে বর্তমান বাইডেনের সরকারের তুলনায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে বাংলাদেশের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, অনুমান করার দরকার নেই। আমরা অপেক্ষা করব এবং প্রয়োজন অনুযায়ী সম্পৃক্ত থাকব। "
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় লাভ এবং বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা এ মন্তব্য করেন।
তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ-মার্কিন সম্পর্ক শুধুমাত্র ওয়াশিংটনে ক্ষমতায় থাকা রাজনৈতিক দল দ্বারা নির্ধারিত হয় না।
তিনি দ্বিপাক্ষিক সম্পর্কে সম্ভাব্য স্থিতিশীলতার ইঙ্গিত দিয়ে বলেন,"আমরা বাইডেন প্রশাসনের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি তা মূলত পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের ধারাবাহিকতা।"
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি (ট্রাম্প) বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বা নেতিবাচক কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের কথা বলেননি। উপদেষ্টা প্রশ্ন রাখেন, তিনি (ট্রাম্প) কোনো ইঙ্গিত কী দিয়েছেন যে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের অবনতি হবে?
জাতিসংঘের সন্ত্রাসবিরোধী সম্মেলনে যোগ দিয়ে কুয়েত সিটি থেকে দেশে ফিরে আসার পরপরই উপদেষ্টা এ মন্তব্য করেন।
সম্মেলনে তৌহিদ হোসেন সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতির প্রতি বাংলাদেশের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।










