সারাদেশে আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হবে। এ শুমারিতে ৯৫ হাজার তথ্য সংগ্রাহক যুক্ত থাকবেন, যারা ট্যাবের মাধ্যমে ক্যাপি পদ্ধতিতে তথ্য সংগ্রহ করবেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতি ১০ বছর পর দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য এমন শুমারি পরিচালনা করে থাকে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রকল্পটির চূড়ান্ত প্রস্তুতি সম্পর্কে জানানো হয়। কর্মশালায় জানানো হয় যে, এবার শুমারির মাধ্যমে বিদেশি কর্মীদের সংখ্যা, তাদের কর্মস্থল, পদ ও নারী-পুরুষের আনুপাতিক তথ্যও সংগ্রহ করা হবে।

বিবিএসের উপ-প্রকল্প পরিচালক মিজানুর রহমান জানান, শুমারিতে ৬৫টি প্রশ্ন থাকবে এবং ১ কোটি ২২ লাখ ইউনিট ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মাহবুব হোসেন, উপ-মহাপরিচালক মোহাম্মদ ওবায়দুল ইসলাম এবং প্রকল্প পরিচালক এস এম শাকিল আখতার।

পরিসংখ্যান বিভাগের সচিব মাহবুব হোসেন শুমারির সুষ্ঠু বাস্তবায়নে সকল অংশীজনের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং জানান, সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও প্রচারণা কার্যক্রম এরই মধ্যে পরিচালিত হয়েছে।

সভাপতির বক্তব্যে বিবিএস মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ শুমারি দেশের অর্থনৈতিক কাঠামো ও প্রবণতা সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করবে, যা জাতীয় উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।