দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণ ও অতিবৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে বৃহস্পতিবার ২৬টি ট্রেনের যাত্রা বাতিল করে রেলওয়ে। গতকাল পূর্বাঞ্চলে কোনো ট্রেন পণ্য ও ট্রেন যাত্রী পরিবহন করেনি। তবে মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে আজ ঢাকা থেকে লাকসাম-আখাউড়া পর্যন্ত তিন জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।  

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর গোধূলী ট্রেনটি যে সময়ে লাকসাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সেই সময়ে শুধু আজ ঢাকায় যাত্রী পরিবহন করবে। একইভাবে সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতী ট্রেনের সময়ে ট্রেনটি লাকসাম পর্যন্ত যাত্রী পরিবহন করবে। অন্যদিকে উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা-নোয়াখালীর পরিবর্তে ঢাকা-লাকসাম-ঢাকা ও বেসরকারি খাতে পরিচালনাধীন ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি আগামীকাল ঢাকা-আখাউড়া-ঢাকায় উভয় মুখে যাত্রী পরিবহন করবে।

রেলওয়ের এক কন্ট্রোল আদেশ সূত্রে জানা গেছে, ৭০৪ নং ট্রেনের (মহানগর প্রভাতী) রেক দিয়ে মহানগর এক্সপ্রেস নামে ৭০৩/৭০৪-এর পাতে শুধু ২৪ আগস্ট (আজ) যাত্রী পরিবহন করবে। ৪ নং কর্ণফুলী এক্সপ্রেসের রেক দিয়ে ৩ নং আপ ট্রেন এবং ৪ নং ডাউন ট্রেন ঢাকা-আখাউড়া-ঢাকা সেকশনে শুধু ২৪ আগস্ট (আজ) যাত্রী পরিবহন করবে। অপরদিকে ৭১১/৭১২ নং উপকূল এক্সপ্রেস ট্রেন ঢাকা-নোয়াখালী-ঢাকার পরিবর্তে ২৪ আগস্ট (আজ) শুধু লাকসাম-ঢাকা-লাকসাম রুটে যাত্রী পরিবহন করবে। এক্ষেত্রে লাকসাম স্টেশনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ট্রেনগুলোর ওয়াটারিং করতে নির্দেশনা দেয়া হয়েছে। 

জানতে চাইলে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘অতিবৃষ্টি ও বন্যার কারণে পূর্বাঞ্চলের বেশকিছু সেকশনে রেললাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে বুধবার থেকে অনেক ট্রেনের যাত্রা বাতিল করা হয়। কিন্তু দুর্যোগেও মানুষের স্বাভাবিক যাতায়াত নিশ্চিত করতে লাকসাম, আখাউড়া থেকে আগামীকাল (আজ) তিন জোড়া ট্রেন ঢাকায় যাত্রী পরিবহন করবে। পরিস্থিতি বিবেচনায় এই ট্রেনগুলোর সময় পর্যায়ক্রমে বাড়ানো হতে পারে। এরই মধ্যে অনলাইনে ট্রেনগুলোর টিকিট উন্মুক্ত করা হয়েছে।’