জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে শুধু দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হিসেবে নয়, বরং মানসম্মত উচ্চশিক্ষার একটি নির্ভরযোগ্য ও বৈশ্বিক হাব হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। গতকাল শুক্রবার ঠাকুরগাঁওয়ে ইকো কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিশ্বায়নের এ যুগে শিক্ষাপদ্ধতির আমূল পরিবর্তন জরুরি। আমাদের শিক্ষার্থীরা যেন আধুনিক বিশ্বের উপযোগী দক্ষতা অর্জন করতে পারে, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পুনর্বিন্যাস, ইনোভেশন ও রিসার্চভিত্তিক শিক্ষার ওপর জোর দেয়া হচ্ছে।

এছাড়া, ঠাকুরগাঁওয়ের মতো উত্তরের জেলার কলেজগুলোতে দ্রুততম সময়ে অনলাইন লার্নিং প্ল্যাটফর্‌ম জোরদার করা, লাইব্রেরি ও ল্যাবসমূহের আধুনিকায়ন এবং সেশনজট সম্পূর্ণ নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

এর পাশাপাশি, তিনি প্রতিটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকদের সততা, নিষ্ঠা ও নতুন উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি নিয়ে শিক্ষাদান কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সংস্কারমূলক নীতির কথা ব্যক্ত করে ড. আমানুল্লাহ বলেন, আঞ্চলিক কেন্দ্রগুলোকে আরো শক্তিশালী ও ক্ষমতায়িত করা হচ্ছে যাতে অধ্যক্ষগণকে সাধারণ অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজের জন্য বারবার গাজীপুর ক্যাম্পাসে ছুটতে না হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক আমিনুল আক্তারের সভার সভাপতিত্ব করেন।

ঠাকুরগাঁও ইকো কলেজের অধ্যক্ষ সেলিনা আক্তার, ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোকাররম হোসেন, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জুলফিকার আলীসহ জেলার অধিভুক্ত বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও প্রধানরা সভার উপস্থিত ছিলেন ।