ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শতশত শিক্ষার্থী হাসিমুখে ভোট দিয়েছেন। আবাসিকের পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতি ছিল দেখার মত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, বাস ভর্তি করে শিক্ষার্থীরা কেন্দ্রগুলোর সামনে এসে নামছেন। এরপর তারা ভোটের লাইনে দাঁড়িয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা জানান, স্বাভাবিক সময়ের চেয়ে বাস অনেক বাড়ানো হয়েছে। একই সঙ্গে শিডিউলও আজকের দিনের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে। সেটা আগেই জানানোর কারণে সবার জন্য সুবিধা হয়েছে।

অনাবাসিক শিক্ষার্থী নাজমুস সাকিব বলেন, সবাই ধারণা করেছিল অনাবাসিক শিক্ষার্থীরা মনে হয় কম আসবে। কিন্তু বাস বৃদ্ধির কারণে সবাই আসছে। বেলা বাড়লে এ সংখ্যা আরো বাড়বে। সবগুলো বাসই একদম ভর্তি হয়ে আসছে। উৎসবমুখর পরিবেশ বলাই যায়।

এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে এই ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণের শুরুতেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে ছাত্রীদের কেন্দ্রগুলোতে সকাল থেকে দীর্ঘ সারি দেখা যায়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেবেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, হল সংসদের ১৮টি হল থেকে এক হাজার ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। অর্থাৎ প্রতিটি ভোটার আজ মোট ৪১টি পদে ভোট দেবেন।