বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিমের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা অনুষ্ঠান ‘চায়ের আড্ডা’। সোমবার (২ ফ্রেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে তরুণদের রাজনৈতিক সচেতনতা, ভোটাধিকার, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা শুনেন জাইমা রহমান। এ সময় তিনি তরুণদের সঙ্গে রাজধানী ঢাকা শহরের ট্রাফিক সমস্যা, অপরিকল্পিত নগরায়ন, উচ্চ শিক্ষার সীমাবদ্ধতা, চাকরি ও নারী নিরাপত্তা বিশেষ করে সাইবার বুলিং নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে করণীয় নিয়ে তাদের ভাবনা জানতে চান জাইমা রহমান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তরুণ ভোটারদের সঙ্গে জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের মধ্যে একটি অর্থপূর্ণ ও গঠনমূলক সংলাপ তৈরির লক্ষ্যেই এ আয়োজন।