দিনাজপুরের বীরগঞ্জে মরিচা কোনপাড়া এলাকায় একটি ব্রিজের নিচ থেকে আরিফুল হোসেন (৩০) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার বেলা ১১টায় মরিচা ইউনিয়নের কোনপাড়া নামকস্থানের পাকা সড়কের উপর নির্মিত ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আরিফুল উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
আরিফুল হোসেনের প্রতিবেশী আনিসুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আরিফুল। রাতে তার মাকে ফোন করে ভ্যান বিক্রি করার কথা জানান। সেই সঙ্গে মরিচা ইউনিয়নের ভবানীপুর এলাকায় আত্মীয়ের বাসায় থেকে সকালে বাড়ি ফিরবে বলেও জানান। কিন্তু সকালে এলাকাবাসীর কাছে তার মৃত্যুর সংবাদ পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করে।
বীরগঞ্জ থানার এসআই নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তৎপরতা অব্যাহত আছে।









