অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও কোতয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী, সাজাপ্রাপ্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে মোহাম্মদপুর থানা ১৩ জন, আদাবর থানা ১৩ জন ও কোতয়ালী থানা পুলিশ ১১ জনকে গ্রেফতার করেছে।

ডিএমপির গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের ডিসি (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান বাসস’কে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার আদাবর, মোহাম্মদপুর ও কোতয়ালী থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ডাকাত, মাদক কারবারি, সাজা প্রাপ্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।