দেশের চার স্থানে কয়েকটি যানবাহন ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে মানিকগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে অগ্নিসংযোগ করা হয়। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক পারভেজ খান গুরুতর দগ্ধ হয়েছেন। সাভারের আশুলিয়ায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুরে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া ঝালকাঠির রাজাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জের দি হলি চাইল্ড স্কুল ও কলেজের শিক্ষার্থী বহনকারী বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ছিল। এ সময় চালক পারভেজ খান (৫৫) বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
পারভেজ খানের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াইভিকরা গ্রামে। তাকে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
শিবালয় থানার ওসি এসএম আমান উল্লাহ জানান, এটি নাশকতা কিনা তা তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সাভারের আশুলিয়ায় সরকার মার্কেট এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলে দুই ব্যক্তি সেখানে আসেন। পরে তারা চালকের আসনের অংশটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় পার্ক করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি। তবে বাসের সব আসন পুড়ে গেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, ‘আমরা যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণ করে ফেলেন। আগুনে বাসের আসনগুলো পুড়ে গেছে।’
এছাড়া ঝালকাঠির রাজাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাছুম বিল্লাহ বাপ্পির বাড়িতে এ অগ্নিসংযোগে ঘটনা ঘটে।
ছাত্রলীগ নেতা বাপ্পির অভিযোগ, তার মা অসুস্থ থাকায় কয়েকদিন আগে তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হয়। এ কারণে তাদের পুরো বাড়ি খালি ছিল। এই সুযোগে কে বা কারা গভীর রাতে আগুন ধরিয়ে দেয়।
রাজাপুর থানার ওসি সেলিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই বাড়িতে কোনো লোকজন ছিল না। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেয়া হয়নি।










