বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের জিততে হবে। বিএনপি গত প্রায় ১৬ বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করেছে, রক্ত ঝরিয়েছে। সেই লড়াই এখনো শেষ হয়নি।
শনিবার (২২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সিপাহী জনতা সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে 'ঐতিহাসিক ৭ নভেম্বরের ঘটনা প্রবাহ: জিয়াউর রহমান ও আজকের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, গণতন্ত্রের প্রধান বাহক নির্বাচন। অথচ সেই নির্বাচন বানচাল করতে বিভিন্ন চক্র নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা মূলত দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত করতে চায়। এ ব্যাপারে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে।
বিএনপির এ নেতা বলেন, পঁচাত্তর সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের ক্ষমতা গ্রহণ করেন জিয়াউর রহমান। বাকশাল হটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেন।
আমীর খসরু বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। তাই ভেদাভেদ ভুলে সবাই দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করুন। সবাই ঐক্যবদ্ধ থেকে তাকে বিজয়ী করুন। কারণ 'ব্যক্তির চেয়ে দল বড়' এ শ্লোগানে বিশ্বাস করে বিএনপি।










