আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নাম এ বাংলার মাটি থেকে মুছে ফেলার সাধ্য কারো নেই। জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গতকাল আওয়ামী লীগের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এর আয়োজন করা হয়। 

ওবায়দুল কাদের বলেন, ‘উত্তাল সমুদ্রে, অমানিশায় বঙ্গবন্ধু আমাদের বিশ্বাসের বাতিঘর। এ বাতিঘর চিরদিন আমাদের চলার পথ দেখাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে সোনার বাংলা গড়ার লড়াই চলছে সে লড়াইকে আমরা নিয়ে যাব বিজয়ের সোনালি বন্দরে।’ 

সেতুমন্ত্রী বলেন, ‘এ দেশে বঙ্গবন্ধু পরিবারই সবচেয়ে বড় আদর্শের জায়গা। বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হননের অপচেষ্টা জিয়াউর রহমান থেকে শুরু করে অনেকেই করে গেছেন।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘জাতির পিতার রক্তাক্ত লাশ ৩২ নম্বরের সিঁড়িতে পড়েছিল। সেই লাশ দুইদিন পর টুঙ্গিপাড়ায় ৫৭০ সাবান আর রিলিফের কাপড় দিয়ে দাফন হয়েছিল। ১৮/১৯ জন লোককে জানাজা পড়ার অনুমতি দিয়েছিল। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুকে দাফন দিয়ে তারা ভেবেছিল, বঙ্গবন্ধুকে মানুষ ভুলে যাবে। তাদের হিসাবের অংক কত যে ভুল। আজ টুঙ্গিপাড়া বাঙালির তীর্থকেন্দ্র। 

তিনি বলেন, ‘স্বাধীনতার লিগ্যাসি ও অর্থনৈতিক মুক্তির লিগ্যাসির মৃত্যু হবে না। প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় দেশে নীরবে আসেন, নিঃশব্দে চলে যান। তার নেতৃত্বে আইসিটি ক্ষেত্রে ব্যাপক বিপ্লব ঘটেছে। এ বিপ্লবের স্থপতি হচ্ছেন জয়। দেশে এসে তার প্রয়োজনীয় কাজ সেরে নীরবে আবার চলে যাচ্ছেন। কোনো সাড়াশব্দ নেই। এই হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার।’

ওবায়দুল কাদের বলেন, ‘আজকে জাতির পিতার কাছে আমরা কী শিখব? আমাদের রাজনীতিতে আমরা কীভাবে শিক্ষা গ্রহণ করব, আমাদের রাজনীতিতে কী যোগ্যতা প্রয়োজন আমরা সেটা কীভাবে শিখব? আমি বলব, এ দেশে বঙ্গবন্ধুর পরিবারই সবচেয়ে বড় আদর্শের জায়গা। সততা ও সাহস, রাজনীতির প্রধান দুটি গুণ।’