ঈদের দিনও বাড়ি ফিরছে অনেক মানুষ। ছুটি শুরু হওয়ার
পর নানা কারণে যারা ঢাকা ছাড়তে পারেনি তারা আজ বাড়ি ফিরছে। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তান,
গাবতলী বাস টার্মিনালে গিয়ে এসব চিত্র দেখা গেছে।
সরজমিনে দেখা যায়, ঘরমুখো মানুষ টার্মিনালগুলোয়
জড়ো হয়েছে। বাস কর্মচারীরাও যাত্রীদের ডাকাডাকিতে ব্যস্ত সময় পার করছেন। কিছু কিছু
বাস কাউন্টার বন্ধ থাকলেও অধিকাংশ কাউন্টারই খোলা।
মোহাম্মদপুরের নুরজাহান রোডের একটি রেস্তোরাঁর ম্যানেজার
হাবিবুর রহমান যাবেন গোপলগঞ্জে। এজন্য তিনি গুলিস্তানের বাস কাউন্টারে বাসের জন্য অপেক্ষা
করছিলেন। তিনি বলেন, ‘আমাদের ছুটি হয় ঈদের দিন থেকে। তাই আজ বাড়ি যাচ্ছি। এক সপ্তাহ
কাটিয়ে আবার ঢাকা ফিরব।’
তবে ঈদের দিনেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
নেত্রকোনা যাওয়ার জন্য আরাফ পরিবহনের টিকিট কাটতে যান যাত্রী মেহেদী হাসান। এ রুটে
নির্ধারিত বাস ভাড়া ৪০০ টাকা হলেও আজ নেয়া হচ্ছে ৮০০ টাকা।
এ প্রসঙ্গে আরাফ পরিবহনের টিকিট বিক্রেতা জসিম উদ্দিন
বলেন, ‘যে কয়টা বাস যাবে, সবই খালি ফিরবে। ঈদযাত্রার বাসগুলোয় এটা নেয়া হয়। একমুখী
যাত্রী বেশি হওয়ায় অসুবিধাটা হয়ে থাকে। ঈদের ছুটি শেষ হলে আবার আগের মতোই ভাড়া নেয়া
হবে।’










