গোপালগঞ্জের কাশিয়ানী থানা থেকে উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামানের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে কাশিয়ানী থানা কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। রোকনুজ্জামান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দিঘলহাট গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, গতকাল ভোরে রোকনুজ্জামানের সহকর্মী এসআই নুরুল আনোয়ার ঘুম থেকে উঠে কোয়ার্টারের সিঁড়ির রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি তিনি সবাইকে জানান। মরদেহ উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।