তিন জেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল চারজন নিহত হয়েছেন। এর মধ্যে গাইবান্ধায় দুজন, মুন্সিগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জে একজন করে নিহত হয়েছেন। বণিক বার্তার সংশ্লিষ্ট জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বলা হয়েছে:
গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। গতকাল দুপুরে পলাশবাড়ী পৌর শহরের টেংরা বাদিয়াখালী রাস্তার গোয়ালপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। সাগর, সামিউল ও নাইমুল ইসলাম স্বচ্ছ নামে তিন বন্ধু একই মোটরসাইকেলে করে দ্রুতগতিতে প্রেস ক্লাব রোড থেকে কিশোরগাড়ী অভিমুখে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পলাশবাড়ী এমএ সামাদ কারিগরি স্কুল অ্যান্ড কলেজের সামনের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে সাগর (১৭) মারা যায়। গুরুতর আহতাবস্থায় স্বচ্ছ ও সামিউলকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে নাইমুল ইসলাম স্বচ্ছ মারা যায়। পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. লাইসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মুন্সিগঞ্জে সড়কের নির্মাণকাজ চলাকালে রোলারচাপায় মিজানুর রহমান ব্যাপারী (৫০) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। গতকাল বেলা ২টার দিকে সদর উপজেলার সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর মুন্সিগঞ্জের রামপাল ইউনিয়নের সুখবাসপুরের লালমিয়া ব্যাপারীর ছেলে। মুন্সিগঞ্জের হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের আতাহারে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অহেদ আলী (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত অহেদ আলী শিবগঞ্জ পৌর এলাকার বিরহামপুর মর্দানা মহল্লার ফজলুর রহমানের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।










