জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে রাজধানীর শেরে-বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ বুধবার (১৩ নভেম্বর) এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ নিটোরে (পঙ্গু হাসপাতাল) আহতদের দেখতে যান স্বাস্থ্য উপদেষ্টা। তারা চতুর্থ তলার পুরুষ ওয়ার্ড বেশ কিছু সময় কাটিয়ে হাসপাতাল ত্যাগ করতে যান। কিন্তু তিন তলার ওয়ার্ডে থাকা আহতদের দেখতে না যাওয়ায় বিক্ষোভের মুখে পড়েন। আহতরা নিচে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি গাড়ি আটকে দেন।

বিক্ষোভ প্রদর্শনকারীদের কেউ গাড়ির ছাদে উঠে পড়েন, কেউ বসে পড়েন গাড়ির সামনে। গাড়িতে কিল-ঘুষিও মারতে দেখা যায়। এ অবস্থায় স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্রিটিশ রাষ্ট্রদূত হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সহযোগিতায় সেখান থেকে চলে যান।

বিক্ষোভকারীরা জানান, স্বাস্থ্য উপদেষ্টা দু-একজনের সঙ্গে কথা বলেই চলে গেছেন। কিন্তু অধিকাংশ আহতদের কথাই শোনেননি। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ার নিয়েও অভিযোগ তোলেন অনেকে। এদিকে উপদেষ্টা চলে যাওয়ার পর আহতরা হাসপাতালটির সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন বলে জানা গেছে।