বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর এই প্রথমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তনের আয়োজন করছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে দ্বাদশ ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে সমাবর্তনে অংশ নিতে পারবেন। দ্বাদশ ব্যাচের যেসব শিক্ষার্থী অনার্স অথবা অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন, তারাও অংশ নেয়ার সুযোগ পাবেন।

উপাচার্য জানান, সমাবর্তনের সফল আয়োজনের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম সম্পর্কেও তিনি সাংবাদিকদের অবহিত করেন।

ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, বেরোবির ছাত্র সংসদ ও হল সংসদের নীতিমালা সংশোধন করে তা রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী কার্যক্রম চলছে এবং যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরো জানান, চলতি মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে ও বছরের শেষ নাগাদ পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান একনেকে অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে সমাবর্তন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম জানান, সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে আগামী ১২ অক্টোবর অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন।

এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা।