সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা প্রথার যৌক্তিক সমাধানের দাবিতে ময়মনসিংহে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন । 


মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টায় থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর টাউন হল মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভে আনন্দমোহন কলেজ, নাসিরাবাদ কলেজ,মুমিনুন্নিসা সরকার মহিলা কলেজ,সৈয়দ নজরুল ইসলাম কলেজ ও কবি নজরুল বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।


শিক্ষার্থীরা জানান, শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ দফায় দফায় হামলা করে শত শত নিরীহ শিক্ষার্থীদের আহত করেছে। এই অন্যায় মেনে নেয়া হবে না। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।


জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি পালন করতে দিচ্ছে না। তাই শিক্ষার্থীরা ময়মনসিংহ নগরীতে এসে কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়েছে।

পরে বেলা ১টার দিকে শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে যান। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা (ওসি) তদন্ত আনোয়ার হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।