পিরোজপুরের ভান্ডারিয়ায় জাটকাবিরোধী অভিযানকালে কোস্টগার্ডের সাথে জেলেদের মধ্যে ২৩ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। এসময় তিন জেলে গুলিবিদ্ধ হওয়াসহ আরো সাতজন আহত হয়েছে। আজ মঙ্গলবার ভান্ডারিয়ার উপজেলার কঁচা ও বলেশ্বর নদীর হরিণপালা-তুষখালী মোহনা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী এবং কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের সাথে নিয়ে জাটকা ও ছোট পোনা মাছ নিধন বিরোধী অভিযানে যান। এসময় বলেশ্বর নদীতে জাটকা ও ছোট মাছ ধরার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের জাল আটক করা হয়। জাল আটক করে ফেরার সময় ভান্ডারিয়ার হরিনপালা ও মঠবাড়িয়ার তুষখালী খালের মোহনায় মাছ শিকার করে জেলেরা জাল লুকানোর সময় কোস্টগার্ড সদস্যরা তাদের আটকের চেষ্টা করে।
এসময় ভান্ডারিয়া উপজেলার হরিণপালা এলাকায় জেলেরা দেশীয় অস্ত্র রামদা, শুড়কি, বল্লম নিয়ে তাদের উপর হামলা চালাতে গেলে কোস্টগার্ড জেলেদের উপর গুলি চালায় এ সময় প্রায় সাড়ে ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল আটক করা হয়। আটক করা জালের মধ্যে কারেন্ট জাল, বাধা জাল, বেরা জাল রয়েছে। পরে ওই সব জালে অগ্নিসংযোগ করা হয়।
তেলিখালী ইউপি চেয়ারম্যান মো. সামসুদ্দিন হাওলাদার জানায়, তেলীখালী হরিণপালা এলাকায় জেলেদের বাড়ির সামনে জাল শুকানোর সময় কোস্টগার্ড জাল আটকের চেষ্টা করে। এসময় তাদের সাথে জেলেদের বাগবিতন্ডা হয়। পরে কোস্টগার্ড তাদের উপর গুলি চালালে মো. মোতালেব (৫৫), হাজেরা বেগম (৬০) ও শাহিন (২৫) নামের তিন জেলে আহত হয়। এসময় লাঠির আঘাতে জসিম (২৪), সাদ্দাম (২৫), তহমিনা (৪৫), শাহনাজ (২০), সেলিম (২২), হেলাল (১৮) হেলাল (৩৫) আহত হয়। আহদের মধ্যে হাজেরা বেগমকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মোতালেব ও শাহিনকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ভান্ডারিয়ার তেলিখালী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. নুর আমিন জানান, ঘটনাস্থল থেকে ৬টি চাইনিজ রাইফেলের গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি সূত্র জানায়, কোস্টগার্ডের গুলিতে সাত থেকে আটজন জেলে আহত হলেও তারা কোন প্রকার মামলা বা গ্রেফতার এড়াতে চিকিৎসা না করিয়ে আত্মগোপন করেছেন। তবে দুপুরে মঠবাড়িয়ায় তুষখালী বাজারের এক পল্লী চিকিৎসকের মাধ্যমে তিনজন জেলে গোপনে চিকিৎসা করান।










