‘সুনামগঞ্জে জলবায়ু ফান্ডের প্রকল্পের আওতায় ‘বাঁধ নির্মাণ না করে ব্লক দেখিয়েই অর্থ উত্তোলন’
শিরোনামে বণিক বার্তায় সংবাদ প্রকাশের পর অনিয়ম তদন্তে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য গত রোববার দুই সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন, উপসহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন।
গতকাল দুপুরে দুই সদস্যের এনফোর্সমেন্ট টিম সরজমিনে তদন্ত করেন। তদন্ত শেষে বণিক বার্তার ছাপা সংবাদের সত্যতা পান এনফোর্সমেন্ট টিমের সদস্যরা।
দুদক সূত্র জানায়, দুদকের হটলাইন ১০৬-এ ফোন দিয়ে সংবাদ প্রকাশের বিষয়টি জানানো হয়। বিষয়টি আমলে নিয়ে সত্যতা যাচাইয়ের জন্য গতকাল পরিদর্শনে যান দুদক কর্মকর্তারা।
দুদক কর্মকর্তারা বলেন, তদন্তে সংবাদের সত্যতা পেয়েছি। শুধু ডাম্পিংয়ের কাজ শেষ হয়েছে। তবে এ পর্যন্ত ব্লকের কাজ প্রায় ৫০ শতাংশ হয়েছে। এখনো অনেক কাজ বাকি রয়েছে। স্কুলের মাঠ ভর্তি ব্লক রয়েছে।
জানা গেছে, প্রায় ৩ কোটি টাকার প্রকল্পের ১ কোটি ৪৮ লাখ টাকা উত্তোলন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সে হিসেবে ব্লক তৈরি করতে প্রায় কোটি টাকা খরচ হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় আবার ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার নির্দেশনা দেন দুদকের এ এনফোর্সমেন্ট টিম।
এ সময় উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন, উপসহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, কনস্টেবল তাজুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর-২) মো. শামসুদ্দোহা, উপবিভাগীয় প্রকৌশলী আক্তারুজ্জামান।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ও পাথারিয়া বাজারসহ সরকারি একাধিক স্থাপনা পুরাতন সুরমা নদীর ভাঙন থেকে রক্ষায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পুরাতন সুরমা নদীর ডানতীরে পাথারিয়া এলাকায় ২২৩ মিটার তীর সংরক্ষণ প্রকল্পের অনিয়ম নিয়ে সচিত্র সংবাদ প্রকাশ হয় বণিক বার্তায়।









