ঈদযাত্রীদের নিয়ে নীলফামারীর চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচলে আজ তেমন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম। তবে, আগামীকাল বৃহস্পতিবার ঢাকা থেকে ওই রুটে ট্রেন বিলম্বে ছাড়ায় শঙ্কা প্রকাশ করেন তিনি।
বুধবার (১৮ মার্চ) দুপুরে বিষয়টি বণিক বার্তাকে এসব কথা বলেন সাজেদুল ইসলাম।
তিনি বলেন, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হলেও আজ তেমন কোনো প্রভাব পড়বে না। যেসব ট্রেন রাতে বা ভোরে ঢাকায় আসার কথা সেগুলো হয়তো দেরিতে আসতে পারে। সেজন্য আগামীকাল ওই রুটের ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হতে পারে।
জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বুধবার দুপুর ২টার দিকে ট্রেনটির সামনে থেকে ৯টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় অনেকে আহত হন। আহতদের মধ্যে বেশিরভাগই ট্রেনটির ছাদে ভ্রমণ করছিলেন।










