বৃষ্টির প্রবণতা ক্রমেই কমে তাপমাত্রা বাড়ছে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর । চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও তা অব্যাহত থাকতে পারে। তবে আগামী সপ্তাহে ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে আভাস দিয়ে সংস্থাটি। রোববার (২২ মার্চ) ঢাকা ও বরিশাল বিভাগে কোনো বৃষ্টি হয়নি। সর্বোচ্চ তাপমাত্রাও কয়েক ডিগ্রি বেড়েছে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল নরসিংদীতে। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ৭ থেকে বেড়ে হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৬ মিলিমিটার। একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ১৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এসব তথ্য নিশ্চিত করে বলেন, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তিনি আরো বলেন, সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।