গতকাল এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে বর্তমান সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে জাতিসংঘের সহযোগিতা নিতে হবে।’
যদি এক্ষেত্রে কূটনৈতিক শৈথিল্য প্রদর্শন করা হয় তাহলে সরকারকে জনগণের কাঠগড়ায় কঠোর জবাবদিহির মুখোমুখি হতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার বাংলাদেশের পরিবর্তে নিষিদ্ধ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণ করেছে। একই সঙ্গে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় বন্দি বিনিময় চুক্তিও উপেক্ষা করা হচ্ছে।’
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশ প্রতিবেশী ভারতসহ বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক এবং দ্বিপক্ষীয় স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বাংলাদেশ সব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু দিল্লিতে বসে শেখ হাসিনার এ দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকা এবং বাংলাদেশের কূটনৈতিক আহ্বানকে ভারত সরকার আমলে না নিয়ে তাকে আশ্রয় দেয়া অব্যাহত রাখা আন্তর্জাতিক নিয়মনীতি ও কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন।’










