নরসিংদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা, কক্সবাজার, রাজধানীর মাজার রোড, ফেনী ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরো পাঁচজনের প্রাণহানি হয়েছে। গতকাল বিভিন্ন সময় ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
নরসিংদী: গতকাল বিকালে ইটাখোলা থেকে টাঙ্গাইলে ছেলের মাদ্রাসায় যাচ্ছিলেন এনামুল হক (৬০)। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটি নরসিংদী সদর উপজেলার নগর পাঁচদোনায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। ঘটনাস্থলেই জারিফ (৪) নামে এক শিশুসহ এনামুল হক মারা যান। আহত হন সিএনজিতে থাকা আরো চার যাত্রী। এনামুল হক শিবপুর উপজেলার ইটাখোলা মুনসেফের চর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। জারিফ টাঙ্গাইলের আবুল কালামের ছেলে।
মাধবদী থানার ওসি কামরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সাতক্ষীরা: জেলার আশাশুনিতে বাসচাপায় রেজাউল সানা (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সকালে আশাশুনি উপজেলার কোদান্ডা আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল উপজেলার সদর ইউনিয়নের আদালতপুর গ্রামের আনসার সানার ছেলে।
কক্সবাজার: চকরিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রকাশ ধর (৬২) নামে এক পত্রিকা বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল ভোর ৫টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরের সোসাইটি মসজিদ এলাকায় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। প্রকাশ ধরের বাড়ি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধরপাড়ায়।
ঢাকা: রাজধানীর মিরপুর মাজার এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মো. সোহেল (৩৫) নামে যুবক এক নিহত হয়েছেন। তিনি গাবতলী গরুর হাটে রাখালের কাজ করতেন বলে জানা গেছে। গতকাল ভোর ৫টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোহেল বরিশালের ভোলা উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে। তিন মেয়ে ও এক ছেলের বাবা সোহেল কল্যাণপুরে ভাড়া থাকতেন।
ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে উঠে রবিউল আলম সামির (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল কলেজ শেষে ফেনীর মহিপাল থেকে একটি যাত্রীবাহী বাসে বাড়ি ফিরছিলেন সামির। বাসটি মহাসড়কের ফতেহপুর পর্যন্ত যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারের ওপরে উঠে যায়। সামির ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ছোচনা গ্রামের মো. সেলিমের ছেলে।
মুন্সিগঞ্জ: শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ষোলঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পেছনের ট্রাকের চালকের সহকারী ছিলেন বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সকালে ট্রাক দুটি একই লেনে মাওয়া অভিমুখে যাচ্ছিল। ষোলঘর এলাকায় বড় ট্রাকের পেছনে ছোট ট্রাকটি ধাক্কা দেয়। এতে ধাক্কা দেয়া ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকটির সামনের বাঁ পাশে বসা হেলপার দুই ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।










