কম দামে টিসিবির পণ্য পেতে কার্ড তৈরিতে জনপ্রতি ২০০ টাকা করে নেয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা. মীরা বেগমের বিরুদ্ধে। মীরা বেগম পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ভুক্তভোগীদের বলতে শোনা যায়, টিসিবির কার্ড করে দিতে কাউন্সিলর মীরা বেগম তাদের কাছ থেকে ২০০ টাকা করে নিয়েছেন।
১২ নম্বর ওয়ার্ডের হাওয়া বেগম, জোসনা বেগম, আসিয়া খাতুনসহ কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করে বলেন, টিসিবির কার্ড করে দেয়ার কথা বলে কাউন্সিলর মীরা বেগম তাদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে নিয়েছেন।
ভুক্তভোগীরা আরও বলেন, আমাদের এলাকার কাউন্সিলর টাকা চেয়েছেন। আমরা দিয়ে দিয়েছি। পরে আমরা জানতে পারি সরকার আমাদের এই কার্ড বিনামূল্যে দিয়েছে।
সিরাজগঞ্জ পৌরসভা সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পৌরসভা থেকে তালিকা তৈরি করে কার্ডের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এজন্য ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে দুই হাজার ১০০ জনের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা তৈরির দায়িত্ব পেয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা।
এ বিষয়ে জানতে চাইলে মীরা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। মহিলাদের দিয়ে এমন ভিডিও তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার সম্মানহানি করতে এমন কথা বলা হচ্ছে।
সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্ত বলেন, টিসিবির পণ্যের তালিকা ও কার্ড তৈরি বিনামূল্যে করার নিয়ম। এ জন্য টাকা নেয়া অন্যায়। কাউন্সিলর মীরা যদি টাকা নিয়ে থাকেন তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টিসিবির পণ্য বিক্রি ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাশুকাতে রাব্বি বলেন, টিসিবির পণ্য বিক্রির জন্য ক্রেতার তালিকা তৈরিতে অর্থ আদায়ের কোনো সুযোগ নেই। অবৈধভাবে অর্থ আদায় করা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।









