জানা যায়, পেশাদার কূটনীতিক রাবাব ফাতিমা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি বিশ্বের বিভিন্ন দেশে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের দপ্তর এক বিবৃতিতে বলেছে, রাবাব ফাতিমার জাতীয় ও আন্তর্জাতিক সিভিল সার্ভিসে দায়িত্ব পালনের ৩০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে। এ অভিজ্ঞতার মধ্যে আছে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, অ্যাডভোকেসি, কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়ন।
রাবাব ফাতিমা আফগানিস্তানে ইউএনএএমএর নতুন প্রধান হিসেবে কানাডার জর্জেট গ্যানিওনের স্থলাভিষিক্ত হচ্ছেন। ইউএনএএমএর ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন গ্যানিওন।
জানা যায়, ২০০২ সালে ইউএনএএমএ প্রতিষ্ঠিত হয়। বর্তমান দায়িত্ব নেয়ার আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি (রাষ্ট্রদূত) হিসেবে দায়িত্ব পালন করেন রাবাব ফাতিমা। সে সময় তিনি ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সভাপতি ছিলেন।
এছাড়া ২০২২ সালে তিনি শান্তি প্রতিষ্ঠা কমিশনের (পিসবিল্ডিং কমিশন) প্রথম নারী চেয়ার নির্বাচিত হন। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সহসভাপতির দায়িত্বও পালন করেন তিনি।










