কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন বিএনপি নির্বাচন বয়কট করতে চায়, তারা ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতায় ছিল। তারা অনেক অন্যায়, অত্যাচার করেছেন এ দেশের জনগণের ওপর। সে সময় এদেশে গণতন্ত্র বিপন্ন ছিল। সুশীল সমাজের কিছু প্রতিনিধি, কিছু লবিষ্ট, বিএনপি-জামায়াত ধর্মান্ধদের টাকা খেয়ে মিথ্যাচার ও মিথ্যা রিপোর্ট দেয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়নের বাগবাড়ী চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা চাই জনগণের সমর্থন। জনগণ এ দেশের মালিক। জনগণের সমর্থন থাকলে বিদেশী শক্তি আমাদের ক্ষমতাচ্যুত করতে পারবে না। বিএনপি একটানা আন্দোলন সংগ্রাম করছে। একই দাবি নিয়ে ২০১৩ সাল থেকে শুরু করেছে। শেখ হাসিনা পালাবার পথ পাবে না এই একই কথা বারবার বলছে। শেখ হাসিনার পতন না হলে তারা কোনো নির্বাচনে যাবে না। বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে তাদের ২০১৩ সালের পরিণতি হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল, সব সময়ই গণতন্ত্র চর্চা করে এসেছে। আগামী নির্বাচনেও আওয়ামী লীগ গণতন্ত্র চর্চা করবে। সবার অংশগ্রহণের মাধ্যমে ২০২৩ সালের জাতীয় নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ হবে। কোনো শক্তি, চক্রান্তকারী ও বিদেশীদের পা চাটে এমন কেউ এ নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না। বহির্বিশ্ব সামরিক ও অর্থনৈতিকভাবে যতই শক্তিশালী দেশ হোক না কেন, তারা কোনোভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না। কোনো দেশের কোনো রকম হস্তক্ষেপ আমরা মেনে নেব না।

আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপিসহ সরকার বিরোধী দলগুলো নানা রকম ষড়যন্ত্র করছে। তাদের মনে রাখতে হবে, দেশের জনগণ সকল ক্ষমতার উৎস। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে।

কৃষিমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার না দিলে বিরোধীদল নির্বাচনে আসবে না বলছে। সংবিধানে সুস্পষ্টভাবে বলা আছে যে সরকার ক্ষমতায় থাকবে। তাদের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সম্পূর্ণ নির্বাচন কমিশনারের এখতিয়ারে হবে।

জনসভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক।

জনসভায় আরো উপস্থিত ছিলেন জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, ছানোয়ার হোসেন এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, আতাউর রহমান খান এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুজ্জামান স্মৃতিসহ অনেকে।