বিশ্বের অনেক দেশে ভয়াবহভাবে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশে ভাইরাসটির সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে রয়েছে। তবে সংক্রমণ যেন বাড়তে না পারে সেজন্য যাত্রীবাহী বাস-ট্রেন-লঞ্চে অর্ধেক যাত্রী বহনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, শিগগিরই এ নির্দেশনা বাস্তবায়নের ঘোষণা আসবে। 

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

স্কুল-কলেজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এখনো খোলা রয়েছে। এগুলো বন্ধ করার জন্য আপাতত কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। সারাদেশে জেলা-উপজেলা পর্যায়ের সকল হাসপাতাল ও নার্স-চিকিৎসকরা সেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে। সকল দোকান-পাট রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। রেস্টুরেন্টে টিকা সনদ ছাড়া প্রবেশ করা যাবে না। বাস-ট্রেন-লঞ্চসহ যাত্রীবাহী সকল পরিবহনে অর্ধেক যাত্রী বহন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাস্ক ছাড়া বাইরে গেলেই ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। বলেন, দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আছে বলেই এখনো অর্থনীতির চাকা ঘুরছে। কল-কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারছে। এই পরিস্থিতি বজায় রাখার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।

শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুবায়ের হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিনসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।