ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মেয়েসহ এক দম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পৌর এলাকার বিজয়পাড়ার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম।

নিহতরা হলেন নবীনগর সদরের নিউ মার্কেটের কাপড় ব্যবসায়ী সোহাগ আহমেদ (৩৩), তার স্ত্রী জান্নাতুন্নেসা (২২), তাদের বড় মেয়ে ফারিয়া (৪) এবং ছোট মেয়ে ফাহিমা (২)।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, আহমেদ তার স্ত্রী জান্নাতুন্নেসা ও মেয়ে ফারিয়া ও ফাহিমা রাতে ঘরেই ছিল। সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি দেখে স্বজনরা ডাকাডাকি করেন। তবে সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। পরে স্বজন ও প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে তারা চারজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

তবে সোহাগের বোন ইয়াসমিন আক্তার জানান, সোহাগ স্থানীয় মসজিদ কমিটির ক্যাশিয়ার ছিলেন। তার সঙ্গে অনেকের দেনাপাওনা ছিল। ৪-৫ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন তিনি। ঋণের তাড়নায় পরিবার নিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন তারা।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ঋণের কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্ত ছাড়া ঘটনার কারণ স্পষ্ট করে এখনো বলা যাচ্ছে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।