বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজঅ্যাবিলিটি নেটওয়ার্কের (বিবিডিএন) আয়োজনে, বি-স্ক্যান এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সার্বিক সহযোগীতায় ও ব্র্যাক ব্যাংকের অর্থায়নে সোমবার (৩১ আগস্ট) রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আঞ্চলিক চাকরি-মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ২৭ জনের কর্ম সংস্থান এর ব্যবস্থা করা হয়।

জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এ মেলায় বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার প্রায় ২০০ এর অধিক প্রতিবন্ধী চাকরিপ্রত্যাশীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন খাতের স্থানীয় ও জাতীয় পর্যায়ের ১৭ টি নিয়োগদাতা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়ে তাদের শূন্য পদের বিপরীতে প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার গ্রহণ ও প্রাথমিকভাবে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করে।

দিনব্যাপী কার্যক্রমে সফট-স্কিল ওরিয়েন্টেশন, সরাসরি চাকরির সাক্ষাৎকার, প্রার্থী-নিয়োগদাতা ম্যাচিং এবং নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হয়। মেলার আগে প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানের পদের সঙ্গে ম্যাচিং করা হয়। মেলার পর বিবিডিএন’র সহযোগিতায় বাছাইকৃত প্রার্থীদের ফলোআপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেয়া হবে।

চাকরি মেলায় প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্মসচিব মোহাম্মদ হাবিবুর রহমান; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার উপসচিব এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ ইরতিজা আহসান; একই মন্ত্রণালয়ের সেবা শাখার উপসচিব মো. কামাল হোসেন; নশট্রির যুগ্ম মহাপরিদর্শক মো. বুলবুল আহমেদ; রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোছা. হাসিনা মমতাজ; ব্র্যাক ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মনজুলা মোরশেদ এবং ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারনাল কমিউনিকেশন অ্যান্ড সিএসআর বিভাগের প্রধান শফিক আর ভূইয়া।

আয়োজকেরা জানায়, রাজশাহীতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি, নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং অন্তর্ভুক্তিমূলক কর্মক্ষেত্র সম্প্রসারণের ক্ষেত্রে এ চাকরি-মেলা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।