ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়ির ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনা যেন না ঘটে সেজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ সোমবার ডিএমপির পাঁচটি থানার ফলক উন্মোচন শেষে ব্রিফিং কালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের পার্বত্য উপদেষ্টা খাগড়াছড়িতে আছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে ফায়ার করেছে। এবং হাতিয়ারগুলো অনেক সময় বাইরে থেকে আসে। আমি দেশের নাম বলতে চাই না। এ পরিস্থিতি মোকাবেলা করতে হলে সবার সাহায্য ও সহযোগিতা দরকার হবে।

তিনি আরো বলেন, দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কিন্তু একটি মহল অনুষ্ঠানটি ব্যাহত করার চেষ্টা করছে।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।