রাজশাহী নগরীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। বুধবার (২ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের জেলার মোহনপুর উপজেলার বাকশৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার বাগমারা উপজেলার মাড়িয়া জিওপাড়া এলাকার আজিবর রহমান (৪৫), জেলার মোহনপুর সদরের জাহাঙ্গীর আলম (৩২) ও আবুল হোসেন (৫৫)।
মোহনপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নিতাই চন্দ্র এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল এলাকায় তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাইসাইকেল আরোহী আবুল হোসেন। আহত হন অটোরিকশা ও ভটভটির আরোহী। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেন। সেখানকার দায়িত্বরত চিকিৎসক অটোরিকশা আরোহী আজিবর রহমান ও জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলার মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিলুল্লাহ। তিনি বলেন, মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এনিয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে।









