বন্দি বিনিময় চুক্তির সুবিধায় নেপালে গ্রেফতার এমপি আজীম হত্যায় জড়িত সিয়ামকে কলকাতা সিআইডি হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। গতকাল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা যতটুকু জেনেছি কলকাতা সিআইডি মামলাটি তদন্ত করছে এবং তাদের কাছে দুই আসামি রয়েছে। একজনকে তারা গ্রেফতার করেছে, আরেকজনকে নেপাল থেকে নিয়ে এসেছে। আমাদের কাছেও তিনজন আছে। ভারত তদন্ত করছে, আমরাও করছি। এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে যেকোনো একটি জায়গায় এ হত্যার বিচার হতে পারে। যেখানে ঘটনা সংঘটিত হয়, সেখানেই তদন্ত হয়, এটি একটি সেফটি রুল। কিন্তু আমাদের দেশের আইনেও আছে, বিদেশে যদি কেউ অপরাধ করে থাকে সেক্ষেত্রে সেই অপরাধীকে বাংলাদেশে এনে আমরা বিচার করতে পারব।’










